পরীক্ষার হল থেকে বের হয়ে বেশিরভাগ শিক্ষার্থীই মাথায় হাত দিয়ে খুবই কমন একটা কথা বলেন, “এই প্রশ্নটা তো আমি জানতাম, তাহলে ভুল হলো কীভাবে?” এই আক্ষেপ মোটেও নতুন কিছু নয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেখানে প্রতিটি নম্বরের জন্য হাজারো শিক্ষার্থী প্রতিযোগিতা করে, সেখানে নেগেটিভ মার্কিংয়ের কারণে হারানো একটি নম্বরও পুরো ফলাফলের হিসাব ঘুরিয়ে দিতে পারে। কারণ ১ নম্বরের জন্য মেধাক্রম কয়েকশ জনের নিচে চলে যায়; প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা খুবই স্বাভাবিক বিষয়।
মজার ব্যাপার হলো, বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলগুলো জ্ঞানের অভাবে হয় না। হয় মনোযোগের ঘাটতি থেকে, আর হয় পরীক্ষার হলে সঠিক কৌশল না জানার কারণে। নিচে থাকছে কেন জানা প্রশ্নেও ভুল হয়ে যায় তার পেছনের কারণ, এবং সেই ভুল কমিয়ে আনার জন্য বাস্তবসম্মত কিছু অভ্যাস এবং কার্যকারী কিছু কৌশল।
জানা প্রশ্নেও ভুল কেন হয়?
নেগেটিভ মার্কিং এড়ানোর প্রথম ধাপ হলো নিজের ভুলের ধরন চেনা। বেশিরভাগ পরীক্ষার্থীর ভুল সাধারণত তিনটি নির্দিষ্ট জায়গায় দেখা যায়।

১। প্রশ্নের Negative Word-এ চোখ এড়িয়ে যাওয়া
ধরা যাক প্রশ্নে লেখা আছে, “নিচের কোনটি সঠিক নয়”। কিন্তু তাড়াহুড়োর মধ্যে চোখ শুধু বিষয়বস্তুর দিকে যায়, “নয়” শব্দটা মাথায় ঢোকে না। ফলে যেটা আসলে ভুল উত্তর, সেটাকেই সঠিক ভেবে বৃত্ত ভরাট করে ফেলে অনেকেই। একটা ছোট শব্দ বাদ পড়ার কারণেই পুরো প্রশ্নের অর্থ পুরোপুরি বদলে যায়।
২। প্রশ্ন চেনা-চেনা মনে হওয়ার ট্র্যাপ
মডেল টেস্টে বা বইয়ে আগে দেখা কোনো প্রশ্নের সাথে মিল থাকলে মস্তিষ্ক দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছাতে চায়। কিন্তু আসল প্রশ্নে হয়তো শব্দচয়ন সামান্য বদলে দেওয়া হয়েছে, যাতে অতি আত্মবিশ্বাসী শিক্ষার্থীরাই সবচেয়ে সহজে ফাঁদে পড়ে। “চেনা মনে হচ্ছে” মানেই “নিশ্চিত জানি” নয়, এই পার্থক্যটা মাথায় রাখা জরুরি।
৩। কাছাকাছি দুটি অপশনের মধ্যে কনফিউজড
চারটি অপশনের মধ্যে দুটো প্রায় একইরকম দেখতে হলে হিউম্যান ব্রেইন প্রথমে যেটা চোখে পড়ে সেটাকেই সঠিক ধরে নিতে চায়, ভালোভাবে যাচাই না করেই। এই তাড়াহুড়ো থেকেই সবচেয়ে বেশি সিলি মিস্টেকগুলো হয়ে থাকে।
নেগেটিভ মার্কিং কমানোর বাস্তবসম্মত কৌশল
নিচের অভ্যাসগুলো নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার হলে ভুলের হার লক্ষণীয়ভাবে কমে আসতে পারে।

১. প্রশ্ন দুইবার পড়ুন, Negative Word চিহ্নিত করুন
প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথে পুরো প্রশ্ন এক নিঃশ্বাসে পড়ে ফেলবেন না। “না”, “নয়”, “ব্যতীত”, “ছাড়া”, “কেবল” এই ধরনের শব্দ চোখে পড়লে পেন্সিল দিয়ে ছোট্ট একটা গোল দাগ দিন। এই সাধারণ অভ্যাসটাই মস্তিষ্ককে আগে থেকে সতর্ক করে দেয় যে প্রশ্নের দিক উল্টো।
২. আগে ভুল অপশন বাদ দিন (Process of Elimination)
সরাসরি সঠিক উত্তর খুঁজতে যাওয়ার বদলে প্রথমে যে অপশনগুলো নিশ্চিতভাবে ভুল মনে হচ্ছে সেগুলো মনে মনে বাদ দিন। চারটি অপশনের দুটো বাদ দিতে পারলে বাকি দুটোর মধ্যে থেকে উত্তর বাছাই করা তুলনামূলক সহজ এবং কম ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
৩. পুরো প্রশ্নপত্র তিন ধাপে সমাধান করুন
একবারেই সব প্রশ্নের উত্তর দিতে যাওয়া বিপজ্জনক। বরং প্রশ্নপত্রকে তিন ভাগে ভাগ করে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ।
– প্রথম ধাপে, শুধু সেই প্রশ্নগুলোর উত্তর দিন যা দেখামাত্র শতভাগ নিশ্চিত।
– দ্বিতীয় ধাপে, সেই প্রশ্নগুলোতে ফিরে আসুন যেখানে দুটো অপশন বাদ দিয়েছেন কিন্তু বাকি দুটোতে কিছুটা দ্বিধা এখনও রয়ে গেছে।
– তৃতীয় ধাপে, সেই প্রশ্নগুলো থাকবে যেখানে কোনো ধারণাই নেই। নিজের কাট মার্ক নিরাপদ মনে হলে এই অংশ পুরোপুরি ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের সিদ্ধান্ত।
৪. OMR Sheet ধাপে ধাপে পূরণ করুন
এখনও কিছু শিক্ষার্থী দেখা যায়, যারা প্রশ্নের উত্তর প্রশ্নপত্রে টিক দিয়ে রেখে একদম শেষে তাড়াহুড়ো করে ওএমআর পূরণ করেন। সময় কম থাকলে এই পদ্ধতিতে সিরিয়াল এলোমেলো হয়ে একটা প্রশ্নের উত্তর আরেকটার ঘরে বসে যাওয়ার রিস্ক থাকে। প্রতি প্রশ্ন শেষ করার পর ইন্সট্যান্ট ওএমআর পূরণ করে ফেলুন, পুরো পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় না থেকে।
৫. কনফিউজড থাকা প্রশ্নে অতিরিক্ত সময় অপচয়
অনেক শিক্ষার্থী এমন আছে, যারা একটা প্রশ্ন না পারলে ঐ প্রশ্নটার পিছনেই কয়েক মিনিট শেষ করে দেয়। ফলে, শেষের দিকের সহজ প্রশ্নের উত্তর করতেও সময় কম থাকার কারণে ব্রেইন সঠিকভাবে ফাংশন করতে পারেনা। এজন্য, যে প্রশ্নে বেশি কনফিউশন থাকবে সেটা পরবর্তীতে সময় থাকলে ভাবা যাবে
কখন উত্তর দেবেন, কখন এড়িয়ে যাবেন
এই সিদ্ধান্ত মূলত নির্ভর করে কতগুলো অপশন আপনি নিশ্চিতভাবে বাদ দিতে পেরেছেন তার উপর।
– চারটি অপশনের একটাতেও ধারণা না থাকলে, উত্তর না দেওয়াই নিরাপদ।
– তিনটা অপশনে দ্বিধা থাকলে ঝুঁকি তুলনামূলক বেশি, এড়িয়ে যাওয়াই ভালো।
– দুটো অপশন বাদ দিয়ে বাকি দুটোর মধ্যে দ্বিধা থাকলে, সাধারণ যুক্তিতেই এখানে উত্তর দেওয়ার পক্ষে সম্ভাবনা তুলনামূলক বেশি থাকে।
– পুরোপুরি নিশ্চিত থাকলে দ্রুত উত্তর দিয়ে পরের প্রশ্নে চলে যান।
একটা কথা মনে রাখা জরুরি, প্রতিটি ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্কিংয়ের নিয়ম এক নয়। কোনো পরীক্ষায় ০.২৫ নম্বর কাটা হতে পারে, কোনোটায় ০.৫০। নিজের নির্দিষ্ট পরীক্ষার নিয়মটা আগে থেকে ভালোভাবে জেনে নেওয়া উচিত, কারণ এই নিয়মের উপর ভিত্তি করেই রিস্ক নেওয়ার সিদ্ধান্ত আলাদা হয়ে যেতে পারে।
